শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

চাটখিলে ৬৫ বছরের বৃদ্ধকে পিটিয়ে আহত: পিস্তল ঠেকিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নোয়াখালী এক্সপ্রেস, নোয়াখালী এক্সপ্রেস
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১:৪০ অপরাহ্ন
BRIDD0
BRIDD0
ছবি: ৬৫ বছরের বৃদ্ধ মফিজ উল্যাহ

নোয়াখালীর চাটখিল থানাধীন ০৯নং খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামে পৈত্রিক জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে নিরীহ এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী মফিজ উল্যা ভূঁইয়া (৬৫) ৫ জন নামীয় ও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মফিজ উল্যা ভূঁইয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদীদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিবাদীরা সন্ত্রাসী, ভূমিদস্যু ও অত্যন্ত উশৃঙ্খল প্রকৃতির লোক। পূর্ব বিরোধের জেরে তারা প্রায়ই তার মালিকানাধীন বাগানের বিভিন্ন গাছের ফলফলাদি ও গাছপালা কেটে নিয়ে যায়। একই বিষয়ে গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাদী চাটখিল থানায় অভিযোগ করেন, তবে সালিশ বৈঠকে কোনো সমঝোতা হয়নি। এরপর বিবাদীরা প্রায়ই তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল বলে বাদী দাবি করেন।

এরই ধারাবাহিকতায় গত ০৩ ডিসেম্বর ২০২৫ রাত ৯টা ৩০ মিনিটের দিকে, খিলপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বাদীর বসতবাড়ির গেইটের সামনে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, এসএস পাইপ, ধারালো কিরিজ ও পিস্তল নিয়ে তার উপর হামলা চালায়। এসময় বাদীকে টেনে-হিঁচড়ে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও রক্তাক্ত জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২ নম্বর বিবাদী মিজান বাদীর মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং ১ নম্বর বিবাদী তার বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। ৩ নম্বর বিবাদী ধারালো কিরিজ দিয়ে কোপ মেরে বাদীর বাম পায়ের উরুতে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্যান্য বিবাদীরা লোহার রড ও পাইপ দিয়ে বেদম মারধর করে। বাদীকে রক্ষা করতে এগিয়ে এলে ১ ও ২ নম্বর সাক্ষীকেও বিবাদীরা পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় বাদীকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন

ঘটনার বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও ওসি পাওয়া যায়নি।