নোয়াখালী এক্সপ্রেসে জাকির! দুশ্চিন্তায় নোয়াখালীর ক্রীড়াপ্রেমীরা


বিপিএলের এবারের আসরে সবচেয়ে আলোচিত নতুন সংযোজন নিঃসন্দেহে নোয়াখালী এক্সপ্রেস। শুরুতে সিলেকশনে বাদ পড়লেও শেষ মুহূর্তে দেশ ট্রাভেলসের আগ্রহে নাটকীয় মোড়ে দল পায় নোয়াখালী—আর সেই মুহূর্ত থেকেই পুরো জেলায় শুরু হয় উৎসবের আমেজ। কে আসবেন দলে, কোন স্কোয়াড নিয়ে মাঠ কাঁপাবে নতুন দল—এসব নিয়েই উত্তেজনায় সরগরম হয়ে ওঠে ক্রিকেটপাড়া।
কিন্তু দলের প্রতি সেই উচ্ছ্বাসের মাঝেই সবচেয়ে বড় বিতর্কের নাম হয়ে ওঠেন জাকির হোসেন। সাম্প্রতিক অফ-ফর্ম ও সমালোচনায় থাকা এই ক্রিকেটারকে ঘিরে নোয়াখালীর ক্রীড়াপ্রেমীদের অনাগ্রহ ছিল শুরু থেকেই। নেটিজেনদের মাঝে তো তাকে ঘিরে চলছিল তীব্র সমালোচনা ও ঠাট্টাও।
আজ বিপিএল নিলামের শেষ রাউন্ডে নোয়াখালী এক্সপ্রেস যখন জাকিরকে দলে ভেড়ায়, তখনই শুরু হয় সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় হতাশামূলক পোস্ট থেকে ব্যঙ্গাত্মক মিম—সবই দেখা যায় কয়েক ঘণ্টার মধ্যেই। অনেকেই প্রশ্ন তোলেন, “যেখানে আরও ভালো অপশন ছিল, সেখানে কেন জাকির?”
এই প্রশ্নের জবাবে নোয়াখালী এক্সপ্রেস ম্যানেজমেন্ট জানান, বিপিএল কমিটির নিয়মের বাধ্যবাধকতার কারণেই তাদের জাকিরকে নিতে হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি রাউন্ডে প্রতিটি ক্যাটাগরি থেকে দুইজন করে খেলোয়াড় দলে নিতেই হবে—ফলে শেষ মুহূর্তে বিকল্প কম থাকায় জাকিরকে স্কোয়াডে যুক্ত করতে হয়েছে।
নোয়াখালীর ক্রীড়াপ্রেমীদের উদ্বেগ এখন একটাই—
জাকির কি পারবে সমালোচনাকে শক্তিতে রূপান্তর করে মাঠে নিজেকে প্রমাণ করতে?
নোয়াখালী এক্সপ্রেসের প্রথম মৌসুমের সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন হয়তো এই জায়গাতেই।